হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে অজানা রোগে আক্রান্ত হয়ে অন্ন বালা ত্রিপুরা (৭) নামের এক শিশুসহ মোট চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের দুর্গম ত্রিপুরাপল্লীতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, রবিবার সকালে অন্ন বালা ত্রিপুরা (৭), শুক্রবার সম রায় ত্রিপুরা (৩) এবং মঙ্গলবার একই দিনে অন্ন রায় ত্রিপুরা (৫) ও কিশা মনি ত্রিপুরা (৩) নামের দুই শিশুসহ মোট চার শিশুর মৃত্যু হয়। এভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় ত্রিপুরা এলাকার পরিবারগুলোর মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।
নয়ন বিকাশ ত্রিপুরা,বন কুমার ত্রিপুরাসহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন ক্ষোভের সঙ্গে জানায়, এ দুর্গম পল্লীতে প্রায় ৫৫টি পরিবারের ৪’শ লোকের বসবাস হলেও এখানে কোন স্বাস্থ্য কর্মী আসেন না। অনেক আগে একজন স্বাস্থ্য কর্মী এসেছিলেন মাত্র একদিন, তবে আজ পর্যন্ত আর কোনো স্বাস্থ্যকর্মী এমনকি স্থানীয় ইউপি সদস্যও খবর নেয়নি।
তারা জানান, আরো অনেক শিশুই এ অজানা রোগে আক্রান্ত এখন। আক্রান্ত শিশুগুলোর গায়ে প্রথমে বিচি এবং পরে এক প্রকার ঘা এর মতো হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তারপর আক্রান্ত শিশুটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সূত্রে জানা গেছে, দুর্গম ত্রিপুরা পল্লী থেকে প্রায় ৪ কিলোমিটার পায়ে হেটে উদালিয়া কমিউনিটি ক্লিনিকে যেতে চান না বা পারেন না অনেকেই। উপজেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন থেকে তেমন কোন সুযোগ সুবিধাও তারা পান না বলে জানান।
স্থানীয় সংবাদকর্মী মহিন উদ্দীন, সাজ্জাদসহ অনেকেই বলেন, এ ত্রিপুরা পল্লী দুর্গম এলাকায় হওয়াতে এ পল্লীর জনগণ নানা ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দেখার মত কেউ নেই বললেই চলে। এমন কি স্থানীয় ইউপি মেম্বারও নাকি আজ পর্যন্ত তাদের দেখতে আসেননি। তারা এ দুর্গম ত্রিপুরাপল্লীতে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবাসহ সরকারি সুযোগ সুবিধার দেওয়ার জোর দাবি জানান।
হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজের জানান, এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী সাংবাদিকদের জানান, খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাৎক্ষনিক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইউএইচও কে বলেছেন।
ইত্তেফাক/জেডএইচ
