ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১৬:৪৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং মহাসড়কের সংযোগ আঞ্চলিক সড়কগুলোতে যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত (চার থেকে পাঁচগুণ) ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক সংগঠনের এক শ্রেণির লাঠিয়াল বাহিনী যাত্রীদের জিম্মি করে এই অতিরিক্ত ভাড়া আদায় করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। গত এক সপ্তাহ ধরে পরিবহন ভাড়া নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই নৈরাজ্য চলে আসছে। 
 
আজ রবিবার ঈদে কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের অভিযোগ ও মহাসড়কে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনার সত্যতা পাওয়া  যায়।
 
জানা গেছে, টাঙ্গাইল থেকে ঝটিকা ও ধলেশ্বরী সার্ভিসের ঢাকার ভাড়া ১২০ টাকা। সেখানে ভাড়া আদায় করা হচ্ছে ৩০০-৪০০’শ টাকা। নিরালা নন স্টপস সুপার সার্ভিসের ভাড়া ১৬০ টাকা। সেখানে আদায় করা হচ্ছে ৩০০-৫০০’শ টাকা। সোনিয়া ও সকাল সন্ধ্যা এসি নন স্টপস সার্ভিসের ভাড়া ২৫০ টাকা। সেখানে যাত্রীদের জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে ৪০০-৬০০’শ টাকা। 
 
যাত্রীরা অভিযোগ করেছেন, এই অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন মালিক সমিতির ও পরিবহন শ্রমিক সংগঠনের এক শ্রেণির লাঠিয়াল বাহিনী। বিভিন্ন অজুহাতে যাত্রীদের জিম্মি করে এই অতিরিক্ত ভাড়া করা হচ্ছে বলে যাত্রীদের মধ্যে নিশু আক্তার নিশু (৩০), মনির হোসেন (৪৫) ও চাকরিজীবী নাছির উদ্দিন (৪৭) অভিযোগ করেন। 
 
একইভাবে ভুয়াপুর, গোপালপুর, মধুপুর, ধনবাড়ি, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ঘাটাইল ও সখীপুর-সাগরদিগী রোডের যাত্রীদের ঢাকায় ফিরতে চার থেকে পাঁচগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
 
এ ব্যাপারে পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, ঈদের সময় পুলিশসহ ঘাটে ঘটে চাঁদা দেওয়া এবং ঢাকায় যাত্রী নামিয়ে খালি গাড়ি নিয়ে ফিরতে হচ্ছে। বাড়তি খরচ পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে কিছু অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে।
 
ইত্তেফাক/জেডএইচ