পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মফিজউল্লাহ মাহাফুজ মারা গেছেন। গতকাল রবিবার সকালে কাউখালী সদরের ইউনিয়নের লাংগুলি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, কাউখালী ইউনিয়নের লাংগুলি গ্রামের নজরুল ইসলামের (৫৮) সঙ্গে প্রতিবেশী ইউনুস খানের জমির বিরোধ রয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নজরুল তার জমিতে বাঁধ নির্মাণ করতে গেলে ইউনুস খান ও তার লোকজনরা রামদা,কুড়াল ও লেজা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীদের অস্ত্রের আঘাতে নজরুল (৫৮), রাহেলা বেগম(৩০), মফিজ উল্লাহ মাহাফুজ (২৮), আব্দুর রহমান মামুন (৩৮), তাসলিমা (৩৮), সাইফুল্লা (১৪), শহিদুল্লাহ (২০), জাহিদ (২২) আহত হন। তাদেরকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর দেড়টার দিকে নজরুল, রাহেলা, মাহাফুজ, আব্দুর রহমান মামুন ও জাহিদকে সেখান থেকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বরিশালে নেয়ার পথে মাহাফুজ মারা যান।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার জানান, জমি সংক্রান্ত বিবাধে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ
