ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রে ছিল ভুলের সেঞ্চুরি। ভুলেভরা প্রশ্নপত্র দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ঘটনা তদন্ত করতে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে।
গত ৬ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ভুলেভরা প্রশ্নপত্র দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে শুধু পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্রে ভুলের পরিমাণ সেঞ্চুরি ছাড়িয়ে গেছে।
এদিকে প্রশ্নপত্রে ভুলের বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, ফুলবাড়িয়া শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম, জেলা সদর শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল বাকীসহ চার সদস্যের একটি টিম ঘটনা তদন্ত করতে রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেন।
ঘটনা তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে বলে জানান তদন্ত কমিটির সদস্য সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রশ্নপত্রে ভুলের ঘটনা তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিকের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় উপজেলায় সরকারি ও বেসরকারি ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইত্তেফাক/জেডএইচ
