কুমিল্লা সিটি করপোরেশনের নগর উদ্যানে ম্যাজিক বোট নামের একটি রাইড চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রায়হান কুমিল্লা নগরীর ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে এবং সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় রবিবার ওই রাইডসের ইজারাদার ও সিটি করপোরেশনের কর্মচারী শরীফ এবং রাইড পরিচালনাকারী আবুল কাশেমের বিরুদ্ধে ওই কলেজছাত্রের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছেন।
এ ঘটনায় সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নগর উদ্যানের রাইডসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্র মৃত্যুর ঘটনায় নগর উদ্যান ঘিরে আতংক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, ওই কলেজ ছাত্র তার বন্ধুদের সঙ্গে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগর উদ্যানে যায়। পার্কের ভেতর বিদ্যুৎ চালিত ম্যাজিক বোটে (ঝুলন্ত নৌকা) চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তার সহপাঠীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর রাইডস পরিচালনায় নিয়োজিতরা পার্ক ছেড়ে পালিয়ে যায়।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু জানান, ওই রাইডটি বার্ষিক ৩০ হাজার টাকায় শরীফ নামের এক ব্যক্তিকে ৩ বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। কিন্তু রাইউসে বিদ্যুৎ সমস্যা নাকি হার্টের সমস্যার কারণে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে, তা পুলিশ তদন্ত করছে।
ইত্তেফাক/জেডএইচ
