শিমুলিয়ায় সাড়ে ৮ঘণ্টা বন্ধ থাকবে ফেরি সার্ভিস

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:০৬
নাব্যতা সঙ্কটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকবে ফেরি সার্ভিস। রবিবার রাত সাড়ে ৮টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি সার্ভিস সচল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
নাব্যতা সঙ্কটে ঈদের আগে টানা ৯ দিন ফেরি সার্ভিস ব্যাহত হবার পর ঈদের দুই দিন আগে সার্ভিসে কিছুটা সচলতা এসেছিল। এরপর ঈদের একদিন পর শুক্রবার থেকে আবার নাব্যতা সংকটে আবার রোরো এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। পরে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার ভোর ৪ টা পর্যন্ত বন্ধ থাকে সার্ভিস। রবিবার ফেরি কিশোরী লৌহজং টার্নিংয়ের কাছে ন্যাচারাল চ্যানেলে নাব্যতার কারণে আটকে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮ টায় এটি উদ্ধার করা হয়। এই সময় ধরে ফেরিতে থাকা প্রায় ৪ হাজার যাত্রী কষ্টে সময় কাটায়। ভোর ৫টার দিকে ফেরি কিশোরী শুধু এই যাত্রীদের নিয়ে কাঁঠালবাড়ি থেকে রওনা হয়।  এরপর দিনভর কোন রকমে সার্ভিস সচল রাখা হয়।  ফলে চরম দুর্ভোগে পড়ে কর্মস্থলে ফেরা লাখো মানুষ।
 
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র এজিএম খন্দকার শাহ খালেদ নেওয়াজ জানান, নাব্যতা সংকটে দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে। চ্যানেলের পানি একেবারেই কমে গেছে। এছাড়া চ্যানেলটি এখন খুবই সরু। ৮/৯ টি ড্রেজার দিয়ে ড্রেজিং চলছে। রাতে ফেরি সার্ভিস বন্ধ রাখতে হচ্ছে।
 
তিনি আরো বলেন ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় কাঠালবাড়ি ঘাটে ৩ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষমাণ ছিল। আর ছিল অসংখ্য মানুষ। ফেরি সার্ভিসের সমস্যার কারণে এবার লোকজন গাড়ি নিয়ে না গিয়ে ঘাটে এসে ফেরি দিয়ে পার হচ্ছে পদ্মা। একেতো ঠিকমত চলতে পারছে না ফেরি তার উপর জনতার চাপ।
 
নাব্যতা সংকটে দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছে মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক-ব্যবসায়ী। কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
 
ইত্তেফাক/মোস্তাফিজ