রাজধানীর পল্লবী এলাকায় বাসায় রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সুরত আলীর (৬০) মৃত্যু হয়। তার শরীরের ৭২ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন একজন চিকিৎসক। এর আগে শনিবার একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরত আলীর নাতনি সাড়ে চার বছরের মিলি মারা যায়। সেও বিস্ফোরণে দগ্ধ হয়েছিল। দগ্ধ আরও সাতজন চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ২১ আগস্ট রাত ৯টার দিকে পল্লবী ১২ নম্বর সেকশনের ই-ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্প এলাকার বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এতে মিলির পরিবারের ছয়জনসহ মোট নয়জন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এর মধ্যে দু’জনের মৃত্যু হয়।
মিলির মা আলেয়া বেগম, নানী বেদানা বেগম, মামা রাব্বি, রাব্বির স্ত্রী লাবনী এবং ভবন মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান ও আরেক ভাড়াটে আওয়াল হোসেন বাবু চিকিৎসাধীন রয়েছেন।
ইত্তেফাক/এমআই
