সাতক্ষীরার বড়বাজারে ট্যাক্স ফোর্সের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে শহরের সুলতানপুর বড়বাজার ডেভিট খান সিটি মার্কেটসহ বিভিন্ন মার্কেট থেকে উক্ত মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গুড়া দুধ, চিনি, চা, আতশবাজি, স্যান্ডেল, সাবান, তেল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য।
বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত উক্ত টাক্সফোর্স অভিযানে নেতৃত্ব দেন, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব জানান, বিজিবি’র দেয়া গোপন তথ্যের ভিত্তিতে শহরের বড়বাজারে অভিযান চালানো হয়। তিনি আরো জানান, সিজার লিস্ট না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
সাতক্ষীরার ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান শেষে মালামালগুলো বিজিবি হেড কেয়াটারে আনা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
