কিশোরগঞ্জে মাদকব্যবসায়ী দম্পতির ২ বছরের কারাদণ্ড

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২০:১৭
মাদকব্যবসায়ী এক দম্পতিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল-মধ্যপাড়া গ্রামের হাবু মিয়া (৬০) ও তার স্ত্রী দুলেনা বেগম (৫০)। 
 
কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু তাহের সাঈদ আজ রবিবার (২৬ আগস্ট) দুপুরে এই দণ্ড প্রদান করেন।
 
র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রবিবার দুপুরে যশোদল এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দম্পতিকে তাদের বাড়ি থেকে আটক এবং তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে ইয়াবা উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দম্পতিকে এই দণ্ড দিয়ে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়।
 
ইত্তেফাক/এমআই