লালপুরে বাবার গলাকাটা লাশ উদ্ধার, ছেলে আটক

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৪:০১
লালপুর উপজেলার মাঝগ্রামে শয়ন কক্ষ থেকে সোমবার সকালে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে তার ছোট ছেলে হজরত আলী ওরফে হজোকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
 
নিহতের নাম জয়েন উদ্দিন (৭২)। তার ছেলের নাম হজরত আলী ওরফে হজো (৩৫)।
 
পুলিশ জানায়, জয়েন উদ্দিনের মেজো ছেলের বউ চায়না খাতুন প্রতিদিনের মতো সকালের খাবার নিয়ে শ্বশুরের ঘরে যান। তাকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি প্রতিবেশীদের জানান।
 
তারা ছুটে এসে লাশ দেখে নিহতের ছোট ছেলে হজরত আলী ওরফে হজোকে আটক করে লালপুর থানায় খবর দেন। স্ত্রী মারা যাবার পর জয়েন উদ্দিন একাই তার ঘরে ঘুমাতেন এবং ছেলের বউরা তাকে পালা করে খাবার দিতেন।
 
জয়েন উদ্দিন ও তার ছেলে অটোরিকশা চালক হজরত আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে জমিজমা ও অর্থ সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে হজরত আলী রবিবার রাতের কোন এক সময় তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হজরত আলীর পরিহিত ট্রাউজার ও স্যান্ডেলে রক্ত ছিল বলে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা জানান।
 
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সন্দেহ ও বিভিন্ন আলামতের প্রেক্ষিতে হজরত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি