আশুগঞ্জে সোমবার সকালে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ ৩ জন।
মনোয়ারা উপজেলার যাত্রাপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার দুর্গাপুর গ্রামে যাচ্ছিল। সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকার উজান ভাটি হোটেলের সামনে যেতেই একটি দ্রুতগামীর কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
