দোহারে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:৪৬
ঢাকার দোহার উপজেলার পূর্ব সুতারপাড়া গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মারিয়া নামে দুই বছরের শিশু নিহত হয়েছে। মারিয়া ওই গ্রামের স্বপন পাঠানের মেয়ে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল আটটার দিকে মারিয়া বাড়ির রাস্তার পাশে খেলা করছিল। এ সময় ওই এলাকার ডলার নামে এক যুবক দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মারিয়াকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মারিয়া।
 
গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা মারিয়াকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ বিষয়ে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে শিশুটির মৃত্যু ঘটেছে। এ অপরাধে দোহার থানায় একটি মামলা হয়েছে। গাড়িচালক পলাতক। ঘাতক মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি চালককে পুলিশ গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে।
 
ইত্তেফাক/নূহু