মদনে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৮:১০
ঈদের আগের দিন মঙ্গলবার বাড়িভাদেরা ব্রিজ সংলগ্ন মদন-আটপাড়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন কৃষক সারেক মিয়া  (৫৫)। ছয়দিন চিকিৎসার পর রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সারেক মিয়া বাড়িভাদেরা গ্রামের মৃত রাজধরের ছেলে।
 
জানা যায়, মঙ্গলবার সকালে সারেক মিয়া রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের আব্দুল হান্নান তালুকদারের ছেলে জয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে চাপা দেয়। এতে সারেক মিয়া গুরুতর আহত হলে প্রথমে তাকে মদন হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। সোমবার বিকালে সারেকের গ্রামের বাড়ি বাড়িভাদেরা গ্রামে জানাযা শেষে  তার লাশ কবর স্থানে দাফন করা হয়।
 
ওসি মোঃ রমিজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত বাড়িভাদেরা গ্রামের সারেক মিয়া রবিবার রাতে মারা যাওয়ার পর ঢাকার শাহাবাগ থানার পুলিশ আমাকে ময়না তদন্তের জন্য ফোন দেন। এ ব্যাপারে পরিবারের পক্ষে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু