হজে গিয়ে ৮ দিন ধরে নিখোঁজ বাগেরহাটের এক হাজী

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:২০
পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে গিয়ে মো. আজিজার রহমান গোলদার নামে এক হাজী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার স্বজনেরা জানিয়েছে। আজিজার রহমানের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী গ্রামে। গত ২০ আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
 
নিখোঁজ হাজীর পরিবারের সদস্যরা জানান, গত ২০ আগস্ট রাতে মিনা থেকে মো. আজিজার রহমান গোলদার হারিয়ে যান। ওই দিনের পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে তার সফর সঙ্গী অন্য হাজীদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানান, মিনায় অবস্থানের সময় আজিজার রহমান বাথরুমে যাওয়ার কথা বলে আর ফিরে আসেননি। দুইদিন ধরে অনেক খুঁজেও না পাওয়ায় সফর সঙ্গী অন্য হাজীরা মক্কায় চলে যান।
 
আজিজারের জামাতা শিপন বলেন, এখন পর্যন্ত তার শ্বশুরের কোন হদিস না পাওয়ায় তাদের পরিবারের অন্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েছেন। তিনি বেঁচে আছেন কিনা তাও বলতে পারছেন না তারা। 
 
৭৫ বছর বয়সী আজিজার রহমান গোলদার বাংলাদেশ থেকে খুলনার ‘লিমা ট্রাভেলস এজেন্সির’ মাধ্যমে গত ১৪ আগস্ট পবিত্র হজ্ব পালনে সৌদি আরবে যান। এদিকে লিমা ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপক বিএম আফির বলেন, ‘নিখোঁজ আজিজার রহমানকে এখনো খোঁজা হচ্ছে। তার ব্যাপারে আমরা ইতিমধ্যে বাংলাদেশ হজ মিশন ও সৌদি আরবে হজ্ব ট্রাভেলসে জানিয়েছি। সেখানে তার খোঁজ চলছে।’
 
ইত্তেফাক/নূহু