সেনবাগে এনএসআইর ভুয়া কর্মকর্তা আটক

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৩৯
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে হাসিবুর রহমান রায়হান (২৮) নামের এনএসআই’র এক ভুয়া কর্মকর্তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে সেনবাগ উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এনএসআই’র সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় আটক রায়হানের কাছ থেকে এনএসআইর জুনিয়র ফিল্ড অফিসারের একটি নকল কার্ড জব্দ করা হয়। আটক রায়হান সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে।
 
ডিবি সূত্রে জানা গেছে, রায়হান নামের এক ব্যক্তি নিজেকে এনএসআই’র প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে কিছুদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে সেনবাগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। পরে ডিবির একটি দল গতকাল দুপুরে সেনবাগের কাবিলপুর এলাকা থেকে রায়হানকে আটক করে।
 
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আটক রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে এনএসআইর জুনিয়র ফিল্ড অফিসারের একটি ভুয়া পরিচয় পত্র জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/কেকে