সীমান্তে সড়ক নির্মাণ ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে: বিজিবি মহাপরিচালক

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৪১
প্রায় দশ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে দুর্গম সীমান্ত এলাকার সাহেবনগর বিওপিতে (বর্ডার অবজারভেশন পোস্ট) পৌঁছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। বিওপি’তে ডিউটিরত বিজিবি সগদস্যদের সঙ্গে তিনি কথা বলেন। রাজশাহীর প্রমত্তা পদ্মা নদীর ওপারে সাহেবনগর ও দিয়াড় মানিক চক বিওপি দুইটি অবস্থিত। লোকালয় থেকে বিচ্ছিন্ন এই দুইটি বিওপিতে বিজিবির সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়।
 
সোমবার এই দুইটি বিওপি পরিদর্শন শেষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। সীমান্তে সার্বক্ষণিক টহলের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা। প্রতিটি সীমান্ত সড়ক ও প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এ বছর সীমান্ত এলাকায় হত্যা কমে এসেছে।আলোচনা অব্যাহত থাকায় সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নেমে আসবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জহোরপুর সীমান্ত এলাকায় শিগগিরই প্রযুক্তির ব্যবহার শুরু হবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ, ১ বর্ডার গার্ড রাজশাহী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার, ৫৩ বর্ডার গার্ড চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআই