নেপালের ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ পত্রিকায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট আবিদ সুলতানকে নিয়ে প্রকাশিত তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ কথা জানায় ইউএস-বাংলা।
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী (আইকাও কর্তৃক প্রণোদিত) যে কোনো দুর্ঘটনা পরবর্তী পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার পূর্ব পর্যন্ত এই ধরনের অসমর্থিত মতামত প্রকাশ কোনো গণমাধ্যমের কাছেই কাম্য নয়।’
ইউএস-বাংলা জানায়, আইকাও এর এনেক্স ১৩ এর নিয়মানুসারে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান চলাচলবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় এই দুর্ঘটনা বর্তমানে তদন্তাধীন আছে।
তাদের দাবি, একটি দুর্ঘটনা তদন্তাধীন অবস্থায় এই ধরনের একটি প্রতিবেদনের পেছনে এয়ারলাইন্স এবং ক্রুদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দুর্ঘটনার প্রকৃত কারণকে আড়াল করার অভিপ্রায় থাকতে পারে।
বাংলাদেশের গণমাধ্যম, যাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের এ ধরনের রিপোর্টে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ।
ইত্তেফাক/টিএস
