কক্সবাজারে পর্যটক হত্যাকারী বাবু গ্রেপ্তার

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২০:৫৪
কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক আবু তাহের সাগরকে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে পতেঙ্গা সৈকতের নিকটবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলেন জানান জেলা ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া।
 
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী সাইফুল ইসলাম বাবু (২০) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার মো. শাহাব উদ্দিনের ছেলে।
 
মানস বড়ুয়া জানান, গত বছর ১৫ ডিসেম্বর ফেনী থেকে আবু তাহের সাগরসহ ৩ বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা ভোরে হোটেল থেকে বেরিয়ে সমুদ্র সৈকতে গোসলে যান। গোসল শেষে সৈকত থেকে পায়ে হেঁটে হোটেলে ফেরার পথে সার্কিট হাউস রোড়ের ডিসির বাংলোর রাস্তার মাথায় জাম্বুর মোড় এলাকায় পৌঁছলে অটোরিকশায় আসা একদল ছিনতাইকারী তাদের পথ আগলে ধরে। এ সময় ছিনতাইকারীরা তাদের সঙ্গে অবৈধ মালপত্র রয়েছে দাবি করে দেহ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন সেট এবং টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে আবু তাহের সাগরের বুক, পেট ও পিটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেন।
 
তিনি আরো জানান, মামলা নথিভুক্ত হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। মামলাটি ডিবি পুলিশের কাছে আসার পর তাদের অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়। অবশেষে রোববার সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।
 
ইত্তেফাক/বিএএফ