চা শ্রমিকদের নতুন মজুরি দৈনিক ১০২ টাকা

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ২১:২৮
বাংলাদেশের চা বাগান শ্রমিকরা নতুন চুক্তিতে দৈনিক মজুরি পাবে ১০২ টাকা করে। সোমবার থেকে চা শ্রমিকরা বছরে দুটি উৎসব বোনাস পাবে ৪  হাজার ৫৯০ টাকা। নতুন চুক্তি অনুযায়ী চা শ্রমিক দৈনিক মজুরি ও বোনাস ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হলেও শারদীয় দুর্গা পূজার আগে ও পরে দুই কিস্তিতে বকেয়া হিসাবে সমূদয় টাকা পাবে চা শ্রমিকেরা।
 
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট সোমবার ঢাকায় চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদের নেতৃবৃন্দের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন নেতবৃন্দের নতুন মজুরি চুক্তি বিষয়ে দ্বি-পক্ষীয় বৈঠক হয়। এ বৈঠকে সমঝোতা চুক্তি (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং -এম ও ইউ) অনুযায়ী চা শ্রমিকদের মজুরি দৈনিক ৮৫ টাকা থেকে বাড়িয়ে ১০২ টাকা করা হয়। একই সঙ্গে চা শ্রমিকরা বছরে দুটি উৎসব ভাতা পাবে ৪ হাজার ৫৯০ টাকা। নতুন চুক্তি কার্যকর হবে বিগত ১জানুয়ারি ২০১৭ সাল থেকে।
 
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন বলেন, ২৭ আগস্ট সোমবার থেকে চা শ্রমিকরা চলতি ১০২ টাকা হারে দৈনিক মজুরি পাবে। গত ২০ আগস্ট ঢাকায় চা বাগান মালিক পক্ষের প্রতিনিধির সাথে হওয়া মজুরি বিষয়ক সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দৈনিক মজুরি আরও বেশি দাবি করা হয়েছিল। মালিকপক্ষ আগামীতে পর্যায়ক্রমে চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির আশ্বাস প্রদান করেন।
 
চা বাগান মালিক পক্ষের সংগঠন বাংলাদেশি চা সংসদের প্রতিনিধি জেমস ফিনলে কোম্পানির মহা-ব্যবস্থাপক (জিএম) শিবলী জানান, সোমবার থেকে চলতি হারে চা শ্রমিকরা মজুরি পাবে। যেহেতু এ চুক্তি কার্যকর হবে ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে সেহেতু পূজার আগে ও পরে দুই কিস্তিতে বকেয়া সমূহ বৃদ্ধি হওয়া মজুরি ও ভাতা পাবেন চা শ্রমিকরা।
 
ইত্তেফাক/বিএএফ