শোক দিবসের কর্মসূচি থেকে ফেরার পথে হামলায় দুজন নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০৭:২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচি থেকে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় যুবলীগ কর্মীসহ দুজন মারা গেছেন। উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচি থেকে ফেরার পথে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের বড় দারোগা হাট স্কেলের সামনে এই হামলার ঘটনা ঘটে। 
 
স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের সমর্থকদের উপর উপজেলা চেয়ারম্যান আল মামুন সমর্থিত গ্রুপের ইসলাম বাহিনীর ক্যাডাররা এ হামলা চালায়। নিহত দুজনই স্থানীয় এমপি সমর্থিত কর্মী। 
 
এর মধ্যে হামলায় ঘটনাস্থলেই মারা যান ইউনিয়ন যুবলীগ কর্মী রমজান আলী খোকন (৩২)। আর তার ভাই ছাত্রলীগ কর্মী মো. সিজানকে (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ছয়-সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
স্থানীয় এমপি দিদারুল আলম হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুল ইসলামকে দায়ী করেন। 
 
সীতাকুণ্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান জানান, হামলার ঘটনায় দুজন মারা গেছেন। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এখনও কোনও মামলা হয়নি। 
 
ইত্তেফাক/কেআই