গাংনীতে ফেনসিডিল-ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ০১:৩৪
গাংনীতে ১৫০ বোতল ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। সোমবার এই গ্রেফতারের ঘটনা ঘটে।  
 
গ্রেফতারকৃতরা হলো- গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে রতন শেখ (৩৫), পালান হোসেনের ছেলে শাকিল হোসেন (২২), গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের শিশিরপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী আফরোজা খাতুন ওরফে বড় বুড়ি (৪২) এবং চুয়াডাঙ্গা শহরের আরামপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জালাল উদ্দীন ওরফে বাবু (৩২)। 
 
গাংনীর ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক আসাদুজ্জামান বেলা ১১টায় বেতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে রতন শেখকে ১৩৫ বোতল ফেনসিডিল, একই সময়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মকবুল হোসেন বামুন্দীতে অভিযান চালিয়ে শাকিলকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। 
 
এছাড়া গাংনী থানার উপপরিদর্শক ফরহাদুর রেজা বেলা আড়াইটার সময় গাংনী শহরের শিশিরপাড়া মোড় এলাকা থেকে বড় বুড়িকে ১০০ গ্রাম গাঁজা ও বেলা দেড়টার সময় গাংনী থানার হেমায়েতপুর বাজার থেকে জালাল উদ্দীন বাবুকে ৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
 
গাংনী থানার ওসি হরেন্দনাথ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই