রামগতিতে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৩:০০
লক্ষ্মীপুরের রামগতিতে বাসের ধাক্কায় মো. সাইফুল্লাহ (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের মনির মেম্বারের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল্লাহ উপজেলার বড়খেরি গ্রামের মো. শফিউল্লাহর ছেলে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের মনির মেম্বারের পুল এলাকায় নোয়াখালীর সুবর্ণ সুপার সার্ভিসের যাত্রীবাহী একটি লোকাল বাস বাইসাইকেল আরোহী মো. সাইফুল্লাহকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।  
 
সাইফুল্লাহর বড়ভাই মো. আবদুল্লাহ জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা ভাই মারা যান। 
 
রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/ইউবি