আলমডাঙ্গার ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে কুপিয়ে জখম

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৩:৫২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের অর্পিত সম্পতির একটি বাড়ি দখলকে কেন্দ্র করে এক চেয়ারম্যানসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরের হদুদপট্টি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
গুরুতর আহতদের প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- কালিদাসপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, তার ভাগ্নে শ্রীরামপুর গ্রামের তুফান মণ্ডলের ছেলে হোসেন আলী ও একই গ্রামের মৃত আনসাদ আলীর ছেলে ওসমান। 
 
জানা গেছে, পূর্বের অগ্রণী ব্যাংকের একটি দ্বিতল ভবন নিয়ে চেয়ারম্যান নুরুল ইসলামের সঙ্গে শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে আকতার হোসেন ও আসাননগর গ্রামের মহিরউদ্দিনের মামলা চলছে। ডিসিআর মূলে ভবনটি আকতার হোসেন ও মহিরউদ্দিনের দখলে রয়েছে। কিন্ত সম্প্রতি মামলার একটি রায় হয় চেয়ারম্যান নুরুল ইসলামের পক্ষে। সকাল ৯টার দিকে চেয়ারম্যান নুরুল ইসলাম লোকজন নিয়ে ভবনটির দখল নিতে আসেন। এই খবর আগে থেকে জানতে পেরে আকতার হোসেন লোকজন নিয়ে ভবনের ভেতরে অবস্থান নেন।
 
চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনাস্থলে পৌছানো মাত্র তাদের কুপিয়ে মারাত্মক আহত করা হয় বলে অভিযোগ করেছে চেয়ারম্যানের পরিবারের লোকজন। চেয়ারম্যান নুরুল ইসলামের মাথায় ও হোসেনের ঘাড়ে কোপ লাগে।
 
থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে মামলা চলছে। আকতার হোসেন ডিসিআর কেটে বাড়িটির দখলে রেখেছেন বলে জানি। কিন্ত সম্প্রতি মামলার একটি রায় চেয়ারম্যানের পক্ষে গেছে বলে শুনেছি।
 
ইত্তেফাক/ইউবি