‘টেন্ডুলকারের কাছাকাছি চলে এসেছেন কোহলি’

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৬:০৩
 
ক্রিকেটে শচিন টেন্ডুলকারের অনেক রেকর্ডে ভাগ বসানো ভারতীয় অধিনায়কের প্রশংসা করে পাকিস্তানের স্পিন গ্রেট সাকলাইন মুশতাক বলেছেন, ‘বর্তমান খেলোয়াড়দের মধ্যে একমাত্র কোহলিই মানের দিক থেকে সমসাময়িককালে এ কিংবদন্তীর কাছাকাছি চলে এসেছেন।’
 
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সাথে একান্ত আলোচনায় সাকলাইন বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে শচিন ছিলেন খুবই বড় মাপের একজন খেলোয়াড়। দুই যুগের সঙ্গে আমি তুলনা করতে পারি না। তবে বিরাটই একমাত্র খেলোয়াড় যিনি কাছাকাছি চলে এসেছেন।’
 
ইংল্যান্ড ক্রিকেট দলের স্পিন বোলিং পরামর্শক সাকলাইন বলেন, চলমান পাঁচ টেস্ট সিরিজে ভারতীয় দলের ঘুরে দাঁড়ানো অনেকটাই নির্ভর করছে ব্যাটিং লাইনআপে কোহলি কিভাবে নেতৃত্ব দেবেন তার ওপর।
 
তিনি বলেন, ‘ট্রেন্ট ব্রিজে তার (কোহলি) খেলা নিয়ে আমরা ইংলিশ সাপোর্ট স্টাফরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। এই তৃতীয় টেস্টে কেবলমাত্র জিমি এন্ডারসনই তাকে ৪০ বার আউটসাইডে বল দিয়ে পরাস্ত করার চেষ্টা করেছেন। তবে পরের বলটিই তিনি আরো বেশি আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছেন। বিরাট বল বাই বল, রান বাই রান, সেশন বাই সেশন খেলে। রান এবং জয়ের জন্য তার প্রচণ্ড ক্ষুধা। যখন আপনার দলে তার মতো ক্ষুধার্ত কেউ থাকবে তখন তিনি নিজের ক্ষুধা মেটানোর জন্য সব কিছু করতে পারেন।’
 
সিরিজের প্রথম দুই টেস্ট হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। তবে কোহলির একটি সেঞ্চুরি ও ৯৭ রানে ভর করে ট্রেন্ট ব্রিজে তৃতীয় ম্যাচে জয়ী হয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ইংল্যান্ড এখন ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ