‘জনগণের রায় নিতে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন’

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৫:৪৭
শর্ত আরোপ না করে জনগণের রায় মেনে নিতে আগামী জাতীয় সংসদ নির্বচনে অংশ গ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
তিনি বলেন, আজ অনেকে বড় বড় কথা বলছেন, নির্বাচনের সময়ে তারা ঠিকই নির্বাচনে অংশ গ্রহণ করবে। তাই, বিএনপিকে বলি শর্ত আরোপ না করে জনগণের রায় নিতে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
 
আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন মোহাম্মদ নাসিম। শোকের মাস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে বঙ্গবন্ধু’র সমাধিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
মোহাম্মদ নাসিম বলেন, আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আশা করি, সেই নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ইউরোপ, আমেরিকা ও ভারতের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী সেই নির্বাচন হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে মুখে অনেক কথা বললেও নির্বাচনে অংশগ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে। কিন্তু কোনো দল যদি শর্তআরোপ করে নির্বাচনে না আসে তাহলে আমাদের তো কিছু করার নেই। সংবিধান থেকে আমরা একচুলও নড়বো না।
 
বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধানের বাইরে আমরা যাব না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না।
 
বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোনো লাভ নেই। জনগণের প্রতি বিশ্বাস রাখুন। জনগণ যাদের যোগ্য মনে করবে তাদের ভোট দিয়ে বিজয়ী করবে। আমরা যদি ভোটে হেরে যাই মেনে নেব।
 
এসময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে