নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক রফিকুল (৩০) ও সবজি ব্যবসায়ী আকাশ (৩৫)। তারা নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলার বাসিন্দা।
পুলিশ এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিউ লাইন যাত্রীবাহী বাস ঘটনাস্থল ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার এলাকায় একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে নরসিংদীগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের চালক ও সবজি ব্যবসায়ী নিহত হন। এ সময় পিকআপ ভ্যানের পিছনে থাকা আরো ৩ জন আহত হন। তারা নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. ইউসুফ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
