নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার মামলায় বাসের চালক শামিমকে গ্রেফতার করেছে বগুড়া ডিবি (গোয়েন্দা) পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে,পরিবহন মালিক শ্রমিকদের কাছে চালক শামীম ধরা দিয়েছেন। তারপর তারা শামীমকে পুলিশের কাছে তুলে দেন।
বগুড়া ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার নাটোরে চ্যালেঞ্জার নামের একটি যাত্রীবাহী বাস একটি লেগুনাকে চাপা দিলে ১৫ জন নিহত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। এরপর গত রবিবার দুপুরে বগুড়া সদর থানা পুলিশ শহরের মধ্য পালশা থেকে চ্যালেঞ্জার পরিবহনের মালিক মঞ্জু সরকারকে গ্রেফতার করে।
মঞ্জু সরকার পুলিশকে জানান, তার বাসের চালক শামিমের বাড়ি শহরের মালগ্রামে এবং হেলপার কমলের বাড়ি সদরের গোকুল গ্রামে। তার সরকারের দেওয়া তথ্যে পুলিশ বাসের হেলপার আব্দুস সামাদ ওরফে কমলকে মহাস্থানগড় এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাসের হেলপার বগুড়া সদরের গোকুল পশ্চিমপাড়ার আব্দুল বারীর ছেলে।
ইত্তেফাক/জেডএইচ
