রাজশাহীতে জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানার পুলিশে সোপর্দ করেছেন মহানগর ট্রাফিক পুলিশের এটিএসআই আসাদুজ্জামান। মহানগরীর বর্ণালী মোড় এলাকায় উপস্থিত জনতার সহযোগিতায় তিনি তাকে আটক করেন। আটক ছিনতাইকারী বোয়ালিয়া থানার খড়বোনা নদীর পাড় এলাকার মৃত বুদু শেখের ছেলে রতন শেখ (২৮)।
পুলিশ জানায়, একজন নারী (মা) ও তার পাঁচ বছরের মেয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় বর্ণালী মোড় থেকে নগরভবনের দিকে যাচ্ছিল। এ সময় দু’জন ছিনতাইকারী মেয়ের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশায় থাকা নারী চিৎকার করে উঠলে বর্ণালী মোড়ে ডিউটিরত এটিএসআই মো. আসাদুজ্জামান দৌড়ে ছিনতাইকারী রতন শেখকে ধরে ফেলেন। ছিনতাইকৃত স্বর্ণের চেইনটিও উদ্ধার করেন। এ সময় আশে পাশের জনগণও সহযোগিতার জন্য এগিয়ে আসেন। তবে অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।
পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে। রতন শেখের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের চেইনটি ওই নারী কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
