খুলনা-৪ আসনের (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়। এই আসনের উপ-নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এস কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাম মুর্শেদী বলেন, আমার প্রথম কাজ হবে এমপি এস এম মোস্তফা রশিদী সুজার যে সব অসমাপ্ত কাজ আছে তা বাস্তবায়ন করা।
গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা এবং নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
