সাভারে কারখানায় অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু

আপডেট : ২৮ আগস্ট ২০১৮, ১৯:১৬
সাভারে কারখানার গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে মো. দবির (৫০) নামের এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। সোমবার রাতে সাভারের হেমায়েতপুর জামুর মুচিপাড়া এলাকায় অবস্থিত প্রমা গ্রুপের পাইপ তৈরি কারখানায় এ ঘটনা ঘটে। দবিরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। 
 
নিহত দবির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামসা মাটিকাটা গ্রামের মৃত দিয়ানত খানের ছেলে। তিনি প্রমা গ্রুপে প্রায় ১৫ বছর ধরে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। 
 
নিহতের স্বজনরা অভিযোগ করেন, কারখানার গ্যাস লাইনে লিকেজ থাকায় কর্তৃপক্ষের অবহেলায় দবিরের মৃত্যু হয়েছে।
 
এ ব্যাপারে প্রমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল্লাহ মজুমদার বলেন, গ্যাস লাইনের লিকেজ থাকায় গ্যাসের চুলা থেকে হঠাৎ আগুন ধরে গেলে আহত হয় দবির। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার চিকিৎসার বিল ছাড়াও পরিবারের সদস্যদের কথা বিবেচনা করে নগদ অর্থ সহায়তা দেয়ার পরিকল্পনা আছে আমাদের। 
 
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক ও ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ গোলাম নবী শেখ বলেন, এ ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/জেডএইচ