ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সড়ক ও পরিবহন খাতে নৈরাজ্য অব্যাহত থাকা, বাস থেকে ফেলে যাত্রী হত্যা এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, সড়ক পরিবহনে নৈরাজ্যিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি বরং বিস্তৃতি ঘটেছে। পরিবহন কর্মীদের দ্বারা যাত্রীদের ধাক্কা মেরে ফেলে দিয়ে হত্যা করা, নারী লাঞ্ছনার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সড়ক কর্তৃপক্ষ তাদের পরিসংখ্যানে দুর্ঘটনার হার কমেছে বলে দাবি করলেও প্রকৃত সত্য হচ্ছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।
বিবৃতিতে তারা আরও বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিরাপদ করার জন্য প্রধানমন্ত্রীর ৫ দফা নির্দেশনাও কোনো কাজে লাগছে না। সাম্প্রতিক সময়ে স্কুল-কলেজের কোমলমতি শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক’ দাবিতে চলা সপ্তাহব্যাপী স্বতঃস্ফূর্ত আন্দোলন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সড়ক ব্যবস্থাপনায় নৈরাজ্য ও ত্রুটিসমূহ কি পরিমাণে বিদ্যমান। সড়ক ও পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান নৈরাজ্য ও ত্রুটি না সারালে অবস্থার কোনো পরিবর্তন হবে না, তা সড়ক পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষ বা অংশীদারদের অনুধাবন করতে হবে।
ইত্তেফাক/এমআই
