নিখোঁজের একদিন পর মদনে বরযাত্রীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৬:১০
নিখোঁজের এক দিন পর বুধবার সকাল ১১টায় মদন উপজেলার কাইকুড়িয়া গ্রামের সামনের তলার হাওর থেকে বরযাত্রী বাস্তা গ্রামের মৃত জবান আলীর ছেলে কৃষক জালাল উদ্দিনের (৫৫) মৃতদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় ৫০-৬০জন বরযাত্রী নিয়ে তিয়শ্রী বাস্তা গ্রাম থেকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কাইকুড়িয়া গ্রামের সামনে তলার হাওরে পৌঁছলে বিদ্যুতের ছেঁড়া তারে ট্রলারটি জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যায়।ট্রলারের ছাদের ওপরে থাকা লোকজন পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ২০জন আহত হন। 
 
বুধবার সকালে বরযাত্রী জালালের মৃতদেহ তলার হাওরে ভেসে উঠলে খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই দিন বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
 
তদন্তকারী কর্মকর্তা মো. মমতাজ হোসেন জানান, নিখোঁজ জালালের লাশ বুধবারে উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন চাইলে লাশ ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। 
 
ইত্তেফাক/কেকে