নরসিংদীর শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও একই গ্রামের কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করেন। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
ইত্তেফাক/জেডএইচ
