ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তিনটি পুকুর থেকে ভিজিএফ কর্মসূচির চাল উদ্ধারের ঘটনায় আজ বুধবার থনায় মামলা হয়েছে। চাল ব্যাবসায়ী আজিজুল ইসলাম শাহকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন ঝিনাইদহ পিআইও অফিসের কার্য-সহকারী জাহিদ হাসান। আজিজুল হক হরিপুর গ্রামের কওছার আলীর ছেলে।
জানা যায়, আজিজুল কালোবাজারে চড়া দামে বিক্রির জন্য জনৈক সবুজের মাধ্যমে মহারাজপুর ইউনয়নের ভিজিএফ’র ২৬’শ কেজি চাল কেনেন। সাইফুলের মাধ্যমে নলডাঙ্গা ইউনিয়নের ভিজিএফ’র বেশ কিছু পরিমান চাল কেনেন তিনি। তার নিজের গুদামে চাল মজুত করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আজিজুল নিজ গোডাউন থেকে চাল রাতের আঁধারে বাড়ির পাশের ৩টি পুকুরে ফেলে দেন। ৩/৪দিন পর চাল পচা গন্ধ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলামের উপস্থিতিতে জনতা পুকুর চাল উদ্ধার করে।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, এর আগে দোগাছি ইউনিয়নের কলমনখালী বাজার থেকে ১০২ বস্তা ভিজিএফ কর্মসুচির চাল উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।
ইত্তেফাক/কেকে
