নাটোরের গুরুদাসপুরে পুলিশ পিটানোর ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারীসহ ৪৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী নাটোরের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
২০১৭ সালের ১১ মে গুরুদাসপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা কমিটির সভায় যোগদিতে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র দলীয় বহর নিয়ে উপজেলায় যাওয়ার চেষ্টা করেন। পুলিশ আইনশৃংখলা কমিটির সদস্যদের বাইরে সভায় অন্যদের যেতে বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ৪ পুলিশ ও ১০ আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়।
এই ঘটনায় গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক সাইদুজ্জামান বাদী হয়ে ৬৬ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ৪৫ আওয়ামী লীগের নেতাকর্মীকে বিকেলে আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/কেকে
