একদিনেই পাঁচ প্রাণ কেড়ে নিল এনার বাস

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১৯:২৮
একদিনেই পাঁচটি প্রাণ কেড়ে নিয়েছে বেপরোয়া এনা পরিবহনের বাস। বুধবার নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এ প্রাণহানি ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
 
নরসিংদী: বেলা সাড়ে ১১টার দিকে শিবপুরে এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের আমতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া এলাকার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও একই গ্রামের কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)। 
 
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মারা যান। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 
 
ঘটনার পরপরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা করেন। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।
 
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
IMG0
সরাইলে খাদে পড়ে যায় এনা পরিবহনের বাস
 
ব্রাহ্মণবাড়িয়া:  দুপুর দেড়টার দিকে সরাইল উপজেলার বৈশ্বামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের আরেকটি বাস খাদে পড়ে তিনজন নিহত হন। 
নিহতরা হলেন- বাসের যাত্রী রোবিনা নূর (৫০), তার মেয়ে সাবিনা নূর (৩২),  ইয়াছিন (৭ মাস)। তাদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ময়মনসিংহে বলে জানায় পুলিশ।
 
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সিলেটগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈশ্বামুড়া এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/জেডএইচ