রাজবাড়ীর গোয়ালন্দসহ ৮টি জেলার ২০টি উপজেলার হাসপাতালে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন সেন্টারগুলোর উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, ভারতের তামিল নাড়ুর মাধুরাই অরবিন্দ চক্ষু হাসপাতালের সহযোগিতায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট থেকে বাংলাদেশে কমিউনিটি ভিশন সেন্টার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উদ্বোধন হওয়া আরো ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিশন সেন্টার থেকে গরীব অসহায় রোগীরা বিনামূল্যে অনলাইনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন। এতে গরীব ও অসহায় রোগীদের যাতায়াত খরচ সাশ্রয় হবে।
জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারি নাই, তবে প্রধানমন্ত্রী নিজে পছন্দ করে যে ২০টি উপজেলায় এই সেবা চালু করেছেন তার মধ্যে গোয়ালন্দ আছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে গোয়ালন্দবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ইত্তেফাক/জেডএইচ
