নিশি আক্তার নামে ৯ বছরের এক শিশু ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বুধবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে এ ঘটনা ঘটে।
নিশি আক্তার স্থলগ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। স্থানীয় বাদল প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিশি আক্তার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যেতে না চাইলে তার মা আঙ্গুরী বেগম তাকে বকা দেন। এরপর আধা ঘণ্টা পর স্বজনরা তাকে গোসলখানার টিনের চালের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তারাকান্দি পুলিশ শিশুটির লাশ উদ্ধার। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত না করেই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জোয়াহের হোসেন খান বলেন, পরিবারের লোকজন জানায় যে শিশুটি খুবই রাগী ছিল। তাই মায়ের ওপর রাগ করেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
