বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনসেবার আহ্বান প্যানেল মেয়রের

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ২১:২৫
বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জনসেবায় নিজেদেরকে উৎসর্গ করার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শ্রমিক ও কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্যানেল মেয়র মো. জামাল মোস্তফা। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী আঞ্চলিক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি। 
 
প্যানেল মেয়র বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হলে সবার আগে তার আদর্শকে অন্তরে ধারণ করতে হবে। জনগণকে ভালোবেসে কাঙ্ক্ষিত সেবা প্রদানের মাধ্যমেই বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা সম্ভব। 
 
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ তার কাঙ্ক্ষিত সেবা পায়। তিনি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শ্রমিক কর্মচারী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ