টাঙ্গাইলের সখীপুরে ৮ জুয়াড়িকে অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী তাদের অর্থদণ্ড দেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, বুধবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ছোট মৌশা বাজার সংলগ্ন একটি বাড়িতে জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় ৩ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
সখীপুর থানার অফিসার্স ইনচার্জ এসএম তুহীন আলী বলেন, ৮ জুয়াড়িকে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হচ্ছেন- উপজেলার ছোট মৌশা গ্রামের আবুল হোসেনের ছেলে লালন মিয়া, একই গ্রামের শাহ আলমের ছেলে ফজলু, জাকির হোসেনের ছেলে আকরাম হোসেন, লাল মাহমুদের ছেলে শাহেদুল, খুশী মনের ছেলে জয়দেব, বংকী চৌরাস্তা গ্রামের সাইদ আলীর ছেলে নয়ন মিয়া, করম আলীর ছেলে আবদুর রহমান এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোছেন আলীর ছেলে ছানোয়ার হোসেন।
আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী বলেন, বঙ্গীয় জুয়া আইনে জুয়াড়িদের প্রত্যেককে দুইশত টাকার করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/এএম
