পবিত্র হজ পালন শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। তবে বিশ্রামের সময় পাচ্ছেন না তিনি। কারণ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অউব্রিকে নিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসবেন সাকিব। সেখানে নিজের হাতের অস্ত্রোপচারের ব্যাপারে কথা বলবেন তিনি।
এদিকে বিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে, ফিজিও থিহান চন্দ্রমোহন সাকিবের আঙুলের চোট পরিস্থিতির রিপোর্ট নিয়ে অস্ট্রেলিয়ার চিকিৎসক গ্রেগ হয়ের কাছে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, এশিয়া কাপের আগে অস্ত্রোপচার না করালেও সমস্যা হবে না।
জানা গেছে, এশিয়া কাপ শেষে অক্টোবরে সাকিবের আঙুলের অস্ত্রোপচার করা হবে। তাই তিনি খেলতে পারবেন এশিয়া কাপে।
জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর ওই ম্যাচে আর মাঠে নামেননি তিনি।
ইত্তেফাক/জেডএইচ
