চৌমুহনীতে অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ পলিথিন

আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১৬:১০
পরিবেশ দূষণ রোধে পলিথিন তৈরি ও  বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হলেও সরকারি ঘোষণার তোয়াক্কা না করে কতিপয় অসাধু ব্যবসায়ী অবাধে পলিথিন তৈরি করছে। নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমুহনীতে বেশ কয়েকটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তৈরি করা হচ্ছে এসব পলিথিন। চৌমুহনী ছাড়াও জেলার বিভিন্ন বাজারে তা সরবরাহও করা হচ্ছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশাসনের অগচরে চৌমুহনী শহরের কলেজ রোড, হকার্স মার্কেট, করিমপুর রোড, ডেলটা গেট সংলগ্ন স্থান, দক্ষিণ বাজারে অবাধে নিষিদ্ধ পলিথিন তৈরি করে চলেছে ব্যবসায়ীরা। এসব পলিথিন উৎপাদিত পলিথিন পাইকারি বাজার সাঁটিহাটা ও কালীতলা রোড বিক্রি করা হচ্ছে। চৌমুহনী শহরের ব্যবসায়ীরা ছাড়াও জেলার বিভিন্ন বাজারের পাইকাররা এসে পলিথিন কিনে নিয়ে যায়।
 
একজন পলিথিন বিক্রেতা ও একজন উৎপাদনকারী জানান, আমরা সবকিছু ম্যানেজ করে ব্যবসা করি। আমাদের কোন সমস্যা থাকার কথা নয়।
 
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, থানায় কোন ক্যাসিয়ারের পদ নেই। কে বা কারা ক্যাসিয়ার নাম ভাঙ্গিয়ে অবৈধ ব্যবসায়ীদের নিকট থেকে মাসোয়ারা আদায় করছে তা খতিয়ে দেখা হচ্ছে।
 
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমীন জানান, আমি নতুন যোগদান করেছি। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা দেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ