মালিক পক্ষের আশ্বাসে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ তুলে নিয়েছেন টপ গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তারা অবরোধ তুলে নেন। এখন উত্তরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ও বিমানবন্দর সড়কে যান চলাচল শুরু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার থেকে টপ গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হাজারের মত শ্রমিক রাস্তায় অবস্থান নেন। এতে দুর্ভোগে পড়েন ওই পথ দিয়ে চলাচল করা সাধারণ মানুষ।
কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, অযৌক্তিকভাবে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে তারা আন্দোলন করছেন।
উত্তরা থানা পুলিশ জানায়, প্রথমে চাকরি হারানো শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে অন্য গার্মেন্টসের শ্রমিকরাও সেখানে যোগ দেন।
ইত্তেফাক/জেডএইচ
