ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ডালিয়া বিল থেকে বৃহস্পতিবার দেলোয়ার হোসেন দিলু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত দেলোয়ার অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের ডিমের বেপারী আব্দুল বারেকের ছেলে।
নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল জানান, দেলোয়ার বুধবার রাত ১০টায় দিকে মাছ শিকারের জন্য কুচ (মাছ মারার যন্ত্র) নিয়ে বোকাইনগর ইউনিয়নের ডালিয়া বিলে যায়। ধারণা করা হচ্ছে, ধানক্ষেতে মাছ শিকার করতে যাওয়াকে কেন্দ্র করে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। তিনি জানান, লাশের গায়ে দুটি আঘাতের চিহ্ন আছে। হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) রিপন চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ইত্তেফাক/জেডএইচ
