জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় স্ত্রী মুন্নী আরাকে (৩৫) নির্যাতনের দায়ে বদলগাছী ডিগ্রি কলেজের শিক্ষক মো ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কানুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পারিবার ও পুলিশ সূত্র জানায়, জেলার পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার তেজা পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে দেওয়ান মো: ফারুক হোসেন (৩৮) আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ে মুন্নী আরাকে ২০০১ সালে বিয়ে করেন।তাদের সংসারে এক মেয়ে ২ ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী মুন্নী আরাকে প্রায় মারপিট করত তার স্বামী। সন্তানের দিকে তাকিয়ে স্ত্রী মুন্নী আরা মুখ বুঝে নির্যাতন সহ্য করলেও বিগত ৫ বছর ধরে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। শুধু নির্যাতন নয় কয়েকবার বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন মুন্নী আরা। দেওয়ান মো. ফারুক হোসেন বদলগাছী ডিগ্রি কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষকতা করেন।
বুধবার রাতে জয়পুরহাট বাসায় এসে রাত ৯ টার সময় টাকার দাবিতে আবার অমানবিক নির্যাতন শুরু করেন।আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। বুক, পীটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান হাসপাতালের মহিলা ওয়ার্ডে দায়িত্ব পালনকারী সিনিয়র স্টাফ নার্স সুখী রানী ও শাহানাজ পারভীন। পুলিশ খবর পেয়ে রাতেই স্বামী দেওয়ান মো. ফারুক হোসেনকে আটক করে।
মুন্নী আরার বড় বোন সুরাইয়া ও জাকিয়া বলেন, এর আগেও নারী নির্যাতনের একটি মামলা করা হয়। সুখে শান্তিতে সংসার করার অঙ্গীকারে সেটি মীমাংসা করা হয়েছিল।
হাসপাতালের নার্সরা আরও জানান, গত চার মাসে স্বামীর নির্যাতনে চার বার মুন্নী আরা হাসপাতালে ভর্তি হয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জয়পুরহাট থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে মুন্নী আরা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/বিএএফ
