বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাপায় আনিছা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের কাথম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছা উপজেলার কাথম ভাঙ্গাচাপড় গ্রামের শামীম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রী আনিছাকে নিয়ে মোটরসাইকেলযোগে নামুইট গ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। কাথম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছুলে মোটরসাইকেলের চাকা স্লিপ করে তার স্ত্রী আনিছা পিছন থেকে পড়ে যান। এ সময় একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১১৯৭০১) আনিছাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনিছার মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা ট্রাক ও ট্রাকের চালক ইউনুস আলীকে (৩৮) আটক করে। আটককৃত ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার পূর্ব মির্জাপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ ও চালককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
