সুন্দরগঞ্জ পৌর কাউন্সিলরকে কুপিয়েছে যুবলীগ নেতাকর্মীরা

আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০০:৫৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর কাউন্সিলরকে কুপিয়ে গুরুতর আহত করেছে যুবলীগ নেতাকর্মীরা। পৌর কাউন্সিলরের নাম সাজু মিয়া (৩২)। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবলীগ নেতা-কর্মীদের অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জনশূন্য সুন্দরগঞ্জ পৌর এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদকে আটক করেছে।
 
আহত সাজু মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড (মীরগঞ্জ-থানাপাড়া) কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগ কর্মী। তিনি থানাপাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে।

আহত পৌর কাউন্সিলর সাজু মিয়ার পরিবার ও প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুস সোবহান জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে পৌর কাউন্সির সাজু মিয়াকে মোবাইল ফোন করে তার থানাপাড়া বাসা থেকে পার্শ্ববর্তী বালাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় ডেকে নেন যুবলীগ নেতা-কর্মীরা। সেখানে তার ওপর অর্তর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে চলে যায় যুবলীগ নেতা-কর্মীরা। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আরো অবনতি হওয়ায় রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, এ ঘটনার পর লোকজন আতঙ্কিত হয়ে সুন্দরগঞ্জ উপজেলা সদর ও মীরগঞ্জ বাজারের দোকানপাট দ্রুত বন্ধ করে। ফলে জনশূন্য হয়ে পরে উপজেলা সদর। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পুলিশ মোতায়েত করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় সুন্দরগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁদকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

ইত্তেফাক/নূহু