বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, “এদেশের মানুষের সুখ-দুঃখই ছিল বঙ্গবন্ধুর সুখ-দুঃখ, এদেশের মানুষের স্বপ্ন ছিল তার স্বপ্ন। মানুষকে এতো গভীরভাবে ভালোবেসেছিলেন বলেই বঙ্গবন্ধু তার জীবনের থেকেও বড় হয়েছেন।”
জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে গোপালগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সংগঠনের জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ফারুক খান এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রিয়াজ হক।
মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর সংগ্রাম প্রসঙ্গে ড. আতিউর বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই বঙ্গবন্ধু এই সংগ্রাম শুরু করেছিলেন। পূর্ব পাকিস্তানের মন্ত্রী সভায় থাকা অবস্থায় তিনি বাঙালি উদ্যোক্তা গড়ে তোলার চেষ্টা করেছেন, এদেশের পাট রপ্তানি করে পাওয়া বৈদেশিক মুদ্রার ৯০ শতাংশ পশ্চিম পাকিস্তানে ব্যয় করার বিরোধিতা করেছেন। বঙ্গবন্ধুই প্রথম ভৌগলিক ব্যবধানের কথা বিবেচনায় নিয়ে পশ্চিম ও পূর্ব পাকিস্তানের জন্য আলাদা আলাদা অর্থনীতির প্রস্তাব হাজির করেছিলেন।
ইত্তেফাক/আরকেজি
