রাজশাহীর পুঠিয়া উপজেলা জামায়াতের আমির ও ভাইস চেয়ারম্যান আহমদ উল্লাহসহ ১০৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী জেলা ও মহানগর পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মহানগর পুলিশ ৫৩ এবং জেলা পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, পুঠিয়া জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান আহমদ উল্লাহকে সরগাছি গ্রামের নিজ বাড়ি থেকে পুঠিয়া থানা পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে জামায়াত নেতা হুমায়ুন কবির (৩২) আশরাফুল ইসলাম (৪০) ও শিবির নেতা শামীম রেজাকে (২২) গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বাগমারা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- জামায়াত নেতা আবু সায়েম (৪৫) ও আবদুল করিম (৪২) এবং বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন (৪৮), আবদুল খালেক (৪৫) ও আব্দুর রউফ হিটলার (৫০)।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামের একটি আম বাগানে জামায়াতের বেশ কিছু নেতাকর্মীরা বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যায়। এ সময় জামায়াত নেতা আবু সায়েম ও আবদুল করিমকে গ্রেফতার করা হয়। সেখান থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
এছাড়া জেলার তানোর, মোহনপুর, দুর্গাপুর, বাঘা, চারঘাট, গোদাগাড়ী এবং গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে আরও ৪১ জনকে গ্রেপ্তার করেছে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশিরভাগই গ্রেফতারি পরোয়ানা আসামি ও মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
