রেশমিনের ইউরোপ জয়

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪২
ফুটবলে ইউরোপ সেরার পুরস্কার জিতেছেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ। গত বৃহস্পতিবার রাতে মোনাকোয় জমকালো অনুষ্ঠানটি যারা দেখেছেন, তারকা ফুটবলারদের পাশাপাশি এর নারী সঞ্চালকও নিশ্চয়ই তাদের দৃষ্টি এড়ায়নি। তিনি হলেন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী। শুধু এবারই নয়, গেল আসরেও তিনি ছিলেন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে।
 
রেশমিন ১৯৭৭ সালে লন্ডনে জন্ম গ্রহণ করেন। জন্মসূত্রে ব্রিটিশ হলেও মা-বাবার সুবাদে বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী সাংবাদিক। ২০১৪ সাল থেকে তিনি ইংল্যান্ডের বিটি স্পোর্টসে কর্মরত আছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও উয়েফা ইউরোপা লিগের মতো ফুটবলের বড় টুর্নামেন্টগুলোতে তিনি নিয়মিত হাজির হন হাতে বিটি স্পোর্টসের বুম নিয়ে। এরই ধারাবাহিকতায় এবার রেশমিনকে দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ের মূলমঞ্চে সঞ্চালকের ভূমিকায়। 
 
বিবিসি স্পোর্টসেও সংবাদ উপস্থাপনার কাজ করেছেন ৪০ বছর বয়সী রেশমিন। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রোনালদোর প্রথম সাক্ষাত্কারটি নেন তিনি। সে সময় অবশ্য তিনি রিপোর্টার ও প্রেজেন্টার হিসেবে কাজ করতেন রিয়াল মাদ্রিদ টিভিতে। বাংলা ও ইংরেজির পাশাপাশি ফরাসি ও স্প্যানিশ ভাষাতেও তিনি সমান দক্ষ।
 
বাঙালি মুসলিম পরিবারে জন্ম নেওয়া রেশমিনের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনেই। ইউনিভার্সিটি অফ বাথ থেকে স্নাতক শেষ করে নিউজপেপার জার্নালিজমের উপর ডিপ্লোমা করেন। কাজ করেছেন খ্যাতনামা গণমাধ্যম বিবিসিতেও। ফুটবলের ভক্ত রেশমিনের পছন্দের দল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার।
 
সাংবাদিকতা ছাড়াও তিনি একজন গায়িকা। কাজ করেছেন বিখ্যাত মিউজিশিয়ান নিতিন শয়েনির সাথে। ২০০৬ সালে ‘দ্য নেমসেক’ নামের এক ব্রিটিশ চলচ্চিত্রে ঠাঁই পেয়েছে তার গাওয়া একটি গানও।
 
ইত্তেফাক/নূহু